এনআইডি সংশোধন ফি পরিশোধ করা যাবে বিকাশে

১৮ মে, ২০২১ ১৭:৫৪  

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, ডুপ্লিকেট এনআইডি সংগ্রহসহ সব ধরনের সেবার ফি পরিশোধ করার সুবিধা যুক্ত করেছে বিকাশ। এরজন্য বিকাশ অ্যাপে যুক্ত করা হয়েছে ‘সরকারি ফি’ আইকন।

বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভবিষ্যতে সরকারি সেবার অন্যান্য পেমেন্টও এই আইকনেই যুক্ত হবে।

মোবাইল ব্যাংকিং এই প্রতিষ্ঠানটির ভাষ্য, করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংকে না গিয়ে নিরাপদে এনআইডি সংশোধন সংক্রান্ত সেবা নেয়া অব্যাহত রাখতে সহায়তা করবে বিকাশে এনআইডি ফি পরিশোধ।

ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে বিল থেকে ‘সরকারি ফি’ আইকন নির্বাচন করতে হবে। এনআইডি সার্ভিস থেকে যে নির্দিষ্ট সেবা প্রয়োজন তা নির্বাচন করতে হবে এবং এনআইডি নম্বর দিয়ে পরবর্তী ধাপে গেলে সেবা অনুসারে টাকার অংক নির্বাচিত হয়ে যাবে। পরের ধাপে পিন দিয়ে ট্যাপ করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

পেমেন্ট হয়ে গেলে তাৎক্ষনিক রিসিট ডাউনলোড করে নিতে পারবেন যা ভবিষ্যৎ প্রমাণের জন্য সংরক্ষণ করা যেতে পারে।

এবার https://services.nidw.gov.bd/ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।